প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১১:৫৭ এএম
‘স্পাইডার ম্যান’ খ্যাত অভিনেতা টোবি ম্যাগওয়ারের কিছুদিন আগেই সাবেক স্ত্রী জেনিফার মেয়ারের সঙ্গে আইনি বিচ্ছেদ সম্পন্ন হয়। তবে কোনো বৈরিতা না রেখে গত শনিবার জেনিফারের দ্বিতীয় বিয়েতে হাজির হন তিনি। শুধু অতিথি হয়েই উপস্থিত ছিলেন না, সংগীত নির্বাহী জিওফ ওগুনলেসির সঙ্গে সাবেক স্ত্রীর বিয়ের আনুষ্ঠানিকতায় ‘অফিসিয়েট’ তথা পুরোহিত হিসেবে নিজ হাতে সেই বিয়েটি সম্পন্ন করেন টোবি।
বিয়ের রঙিন মুহূর্তগুলোর ছবি এখন সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল। দুই পরিবারের প্রিয়জনদের পাশাপাশি এই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে হাজির ছিলেন হলিউডের একঝাঁক প্রথম সারির তারকা।
টোবির এই বিশেষ ভূমিকা প্রত্যক্ষ করেন তার সহকর্মী, হলিউড তারকারা। তাদের মধ্যে রয়েছেন, বন্ধু লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিটোরিয়া চেরেত্তি, অভিনেত্রী কোর্টনি কক্স, ফ্যাশন ডিজাইনার রেচেল জোসহ অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস।
