মেহেরপুরের গাংনীতে ক্রাউন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুস শুকুর (৫৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৯টার দিকে গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের ছাতিয়ান ব্রিকফিল্ডের সামনে মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস শুকুর গাংনী উপজেলার বামন্দি ইউনিয়নের বাদিয়াপাড়া গ্রামের মৃত মনির উদ্দিন মালিথার ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে আব্দুস শুকুর ভ্যান নিয়ে ছাতিয়ান ব্রিকফিল্ডের সামনের সড়ক পার হচ্ছিলেন। এ সময় কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী ক্রাউন পরিবহনের একটি দ্রুতগতির বাস (ঢাকা মেট্রো-হ-১১-১০২৬) নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর ভ্যানে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে প্রথমে বামন্দির একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মশান বাজার এলাকায় পৌঁছালে তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, সড়ক দুর্ঘটনায় এক ভ্যানচালকের মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে বাসটি নিজেদের হেফাজতে নিয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএ
