চাঁদপুরে বাগাদী এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা ভবনে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে সংঘটিত এ ঘটনায় ভবনের দ্বিতীয় তলার দুটি কক্ষের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ব্যাংক সূত্রে জানা যায়, রাত সোয়া ৩টার দিকে ব্যাংকের নৈশপ্রহরী নাইট গার্ড নিত্য শাখা ব্যবস্থাপককে আগুন লাগার বিষয়টি জানান। তার ভাষ্য মতে, জানালার পাশ দিয়ে কে বা কারা বিস্ফোরক জাতীয় কিছু ছুড়ে মারে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের স্টেশন লিডার নজরুল ইসলামের নেতৃত্বে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস জানায়, তাদের তাৎক্ষণিক প্রচেষ্টায় ভোরে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ভবনে অবস্থানরত দুজন কর্মকর্তা-কর্মচারী অল্পের জন্য প্রাণ বাঁচান এবং আগুনের বিস্তার রোধ হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় প্রতিষ্ঠানটি। আগুনে কয়েক লাখ টাকার আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। জোনাল ম্যানেজার তাপস আচার্য জানান, খবর পেয়ে দ্রুত ঢাকা থেকে চাঁদপুরে চলে আসি। অগ্নিকা-ে ভবনের দ্বিতীয় তলার আসবাবপত্র পুড়লেও ভাগ্যক্রমে কর্মকর্তা-কর্মচারী হতাহত ও কোনো নথিপত্র নষ্ট হয়নি। দুর্বৃত্তরা পেট্রোলবোমা ছুড়ে মেরেছিল কি না, তা পুলিশি তদন্ত শেষে জানা যাবে। এ ঘটনায় মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শাখা ব্যবস্থাপক মাহমুদা আক্তার।
এদিকে শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল কবির ও মডেল থানার ওসি ফয়েজ আহমেদ। ওসি ফয়েজ আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।