ভারতের চলমান রাজনৈতিক পরিস্থিতিকে অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তাই এ বিষয়ে আপাতত বাংলাদেশের কোনো মূল্যায়ন নেই বলে তিনি জানান।
আজ সোমবার দুপুরে রাজধানীর বিস মিলনায়তনে এক সেমিনারের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন। তিনি এদিন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস-বিস) ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে দিক নির্ণয়ের পথরেখা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।
ভারতের চলমান বিক্ষোভ পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সরকারের মূল্যায়ন জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের কোনো মূল্যায়ন আপাতত নেই। এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়। এটি ভারত সরকারই দেখবে।’
প্রসঙ্গত, ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে তরুণদের নেতৃত্বে পরিচালিত রাজনৈতিক আন্দোলন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তরুণদের সঙ্গে বিক্ষোভে অংশ নিয়েছে ভারতের বিরোধী দলগুলোর জোট ইন্ডিয়া ব্লক। এই জোটের নেতৃত্বে রয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস।
