প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৩:৪৮ পিএম
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় লাগা আগুন সোয়া তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারখানার ভেতরে আটকে পড়া কয়েকজন শ্রমিককে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর এক টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সকাল সোয়া ১০টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে এলেও তা পুরোপুরি নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার পর প্রথমে কারখানা কর্তৃপক্ষ নিজেরা তা নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে টঙ্গীসহ আশপাশের বিভিন্ন ফায়ার স্টেশন থেকে ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় পর্যায়ক্রমে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। সব মিলিয়ে ২১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুনায়েদ জানান, কারখানাটিতে ওষুধ উৎপাদন করা হতো। আগুনে পাশাপাশি থাকা দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি ভবনের দ্বিতীয় ও চতুর্থ তলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও জানান, আগুনের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছান। আগুনের তীব্রতা বাড়লে আশপাশের স্টেশন থেকে আরও ইউনিট যুক্ত করা হয়। কারখানার ভেতরে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
