জাহিদুল ইসলাম,মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে পারিবারিক কলহের জের ধরে শ্বশুরের কুড়ালের কোপে আব্দুর রহমান (৩২) নামে এক জামাই নিহত হয়েছেন। গত মঙ্গলবার (২০ অক্টোবর) ভোররাতে উপজেলার বলিভদ্রপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত আব্দুর রহমান পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার কারী গোলাম রহমানের ছেলে। অভিযুক্ত শ্বশুর তরিকুল ইসলাম বলিভদ্রপুর গ্রামের গাজী রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন আব্দুর রহমান। বেশ কিছুদিন ধরেই শ্বশুর তরিকুল ইসলামের সঙ্গে তার পারিবারিক নানা বিষয়ে মনোমালিন্য চলছিল। এর জেরে আজ ভোররাতে ক্ষিপ্ত হয়ে ঘুমন্ত জামাই আব্দুর রহমানকে ধারালো কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন শ্বশুর তরিকুল। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই আব্দুর রহমানের মৃত্যু হয়।
ঘটনার সময় চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তরিকুল ইসলামকে আটক করে পুলিশে খবর দেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত শ্বশুর তরিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা কুড়ালটি জব্দ করেছে পুলিশ। এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

