বরিশালের বিভিন্ন নদ-নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩০ লাখ মিটারের বেশি অবৈধ জাল জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি ৭৮ লাখ ৯৬ হাজার ৯০০ টাকা। সোমবার (১৯ অক্টোবর) বরিশালের হিজলা, মেহেন্দিগঞ্জ, গোবিন্দপুর, লাহারহাট, বাবুগঞ্জ, চরমোনাই, শ্রীপুর ও পাতারহাট এলাকার বিভিন্ন নদ-নদীতে অভিযান চালানো হয়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার কাজে ব্যবহৃত অবৈধ জাল ও সরঞ্জাম জব্দ করা হয়। নৌবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোতে এ পর্যন্ত ৩০ লাখ ৩১ হাজার ৬২০ মিটার অবৈধ জালসহ আরও ৭৪টি জাল জব্দ করা হয়েছে। এসব জালের আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি ৭৮ লাখ ৯৬ হাজার ৯০০ টাকা। নৌবাহিনীর বানৌজা কুশিয়ারার অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এস এম আব্দুল্লাহ আল মামুন বলেন, মা ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে নৌবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। গত ৮ অক্টোবর থেকে শুরু হওয়া মা ইলিশ সংরক্ষণ অভিযান চলবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ। ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে সমুদ্র, উপকূলীয় অঞ্চল ও অভ্যন্তরীণ নদ-নদীতে অভিযান চালিয়ে যাবে নৌবাহিনী।
কেএম
