Published : 15 Oct 2026, 10:55 AM
Updated : 15 Oct 2026, 10:55 AM
নাটোরের গুরুদাসপুরে ছাত্রদলের এক নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে মোটরসাইকেলে আসা হামলাকারীরা। তার আগে তাকে উদ্দেশ্য করে গুলিও ছোঁড়া হয়েছিল।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে জানান গুরুদাসপুর থানার ওসি আব্দুল হান্নান।
আহত শাকিল ইসলাম পৌর সদরের কাছারিপাড়া মহল্লার রবিউল করিম মিস্ত্রির ছেলে ও পৌর ছাত্রদলের সদস্য সচিব।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, রাতে একটি মোটরসাইকেলে আসা হেলমেট ও মাস্ক পড়া দুই যুবক শাকিলকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়ে। তবে শাকিল দৌড়ে পালিয়ে যাওয়ায় গুলি তার শরীরে লাগেনি।
কিন্তু পাশের শাহিদা জলিল প্রাথমিক বিদ্যালয়ের দিকে পালানোর সময় হামলাকারীরা তাকে ধরে ফেলে। এরপর তাকে চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শাকিলকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
খবর পেয়ে আহত শাকিল ইসলামকে দেখতে হাসপাতালে যান স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল আজিজ।
তিনি ছাত্রদল নেতার ওপরে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য পুলিশকে দিকনির্দেশনা দেন।
গুরুদাসপুর থানার ওসি আব্দুল হান্নান বলেন, কে বা কারা ঘটনাটির সাথে জড়িত তা তদন্ত শুরু হয়েছে। অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
