কালবেলা · সাধারণ
বাগেরহাটে পাসপোর্ট অফিসের সার্ভার কক্ষে আগুন, বন্ধ সেবা কার্যক্রম
১৯/১০/২০২৬

খুলনার বাগেরহাটের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সার্ভার কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে কক্ষটিতে থাকা অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর (এভিআর) যন্ত্র।
সোমবার (১৯ অক্টোবর) সারা দিন কার্যালয়ের সেবা কার্যক্রম বন্ধ ছিল। সেবা না পেয়ে ফিরে যেতে হয়েছে অনেকেই।
বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় সূত্রে জানা যায়, রোববার (১৮ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে সার্ভার কক্ষে থাকা ফায়ার অ্যালার্ম বেজে উঠলে আগুনের বিষয়টি টের পান অফিসের কর্মকর্তারা। তাৎক্ষণিকভাবে সার্ভার কক্ষ খুলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আগুনে এভিআর মেশিনটি পুড়ে গেলেও সার্ভার, কম্পিউটারসহ অন্য কোনো যন্ত্রপাতি ও নথিপত্রের ক্ষতি হয়নি।
বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান বলেন, ‘লোডশেডিংয়ের পর বিদ্যুৎ সরবরাহ চালু হলে অতিরিক্ত লোডের কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। এতে বন্ধ রয়েছে পাসপোর্টের ছবি তোলা, আবেদন গ্রহণ ও পাসপোর্ট বিতরণসহ স্বাভাবিক কার্যক্রম। ক্ষতিগ্রস্ত এভিআর যন্ত্রটি মেরামতের জন্য পাঠানো হয়েছে।’
তিনি বলেন, ‘যন্ত্রটি মেরামত করা সম্ভব হলে আগামী রোববার (২৫ অক্টোবর) থেকে পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু করা যাবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে মঙ্গলবার, বুধ ও বৃহস্পতিবার পূজার ছুটি এবং শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় গ্রাহকদের ভোগান্তি তুলনামূলক কম হবে।’
মূল প্রতিবেদনে যান ↗