এবার সৌদি আরবের দুই পবিত্র শহর মক্কা এবং মদিনায় ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা হাউথিদের। শনিবার এমনই দাবি করল সে দেশের প্রতিরক্ষা সংস্থা। যদিও ক্ষেপণাস্ত্রগুলি আকাশেই ধ্বংস করা হয়েছে বলে দাবি। যদিও সৌদির দাবি খারিজ করে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহীরা। তারা জানিয়ে দিয়েছে, ‘ডাহা মিথ্যা কথা’।
রিয়াধের তরফে জানানো হয়েছে, মক্কা ও মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় হাউথিরা। তবে সেগুলি আঘাত হানার আগেই আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে। যদিও সেই ধ্বংসাবশেষ দুই শহরের বিভিন্ন অঞ্চলে পড়েছে। যদিও ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। কিন্তু সৌদির দাবি অস্বীকার করেছে হাউথিরা। বিদ্রোহী গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, “শত্রু সৌদি পবিত্রভূমি মক্কা ও মদিনায় হামলার যে প্রচার করছে, তা ডাহা মিথ্যা কথা।” গত দু’দিন ধরে সৌদির বেশ কিছু জায়গা নিশানা করে হাউথিরা। যার মধ্যে রয়েছে তিনটি বিমানবন্দর, দুটি তৈল ঘাঁটি, একটি পাইপলাইন এবং একটি বিমান ঘাঁটি। তার মাঝেই এবার মক্কা ও মদিনায় হামলার অভিযোগ উঠল ইয়েমেনের বিদ্রোহীদের বিরুদ্ধে।
এদিকে সৌদিতে থাকা ভারতীয়দের বিশেষ সতর্কবার্তা দিয়েছে নয়াদিল্লি। সৌদির ভারতীয় দূতাবাসের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, “সৌদি আরবে বসবাসরত ভারতীয়দের আহ্বান জানানো হচ্ছে, তাঁরা যেন সমস্ত স্থানীয় নিয়মকানুন মেনে চলেন। ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার ঘটনা কিংবা হামলার ঘটনার ভিডিও রেকর্ড করা বা সেগুলি পোস্ট করা থেকে বিরত থাকুন। এগুলি আইনত দণ্ডনীয় অপরাধ।”
