টেলিভিশন সিরিজ় ‘পিকেট ফেন্স’ এবং ‘এলিয়েন’ ও ‘টপ গান’-এর মতো সিনেমায় অভিনয়ের মাধ্যমে সর্বাধিক জনপ্রিয় হয়েছিলেন তিনি। প্রয়াত মার্কিন অভিনেতা টম স্কেয়ারিট। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৯৩ বছর। তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে, ‘সারা বিশ্ব টমকে তাঁর অসাধারণ অভিনয় জীবনের জন্য চিনলেও, আমরা তাঁকে চিনতাম তাঁর রসবোধ, উদার মানসিকতা এবং আমাদের ভালোবাসায় ভরিয়ে দেওয়ার জন্য।’
ছয় দশকের কর্মজীবনে তিনি চলচ্চিত্র ও টেলিভিশনে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ‘ম্যাশ’, ‘এ রিভার রানস থ্রু ইট’ এবং ‘টেড’। এ ছাড়াও তিনি সহ-প্রতিষ্ঠাতা ছিলেন ‘দ্য ফিল্ম স্কুল’-এর। পরবর্তী প্রজন্মের চলচ্চিত্র নির্মাতা ও গল্পকারদের সাহায্যের জন্য তাঁর এই পদক্ষেপ।
তাঁর পরিবারের তরফে আরও বলা হয়েছে, ‘টমের গল্প মানুষের ক্ষত সারিয়ে তুলতে, জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে এবং পরিবর্তন আনতে সাহায্য করতে পারে। এই বিশ্বাসের জন্য তাঁকে আজীবন স্মরণ করা হবে।’
বিংশ শতাব্দীর বেশ কয়েকটি হিট সিনেমার গোঁফওয়ালা এই তারকা ১৯৩৩ সালে মিশিগানের ডেট্রয়েটে জন্মগ্রহণ করেন এবং অভিনয় জীবন শুরু করার আগে মার্কিন বিমান বাহিনীতে কর্মরত ছিলেন টম। ১৯৬২ সালে তরুণ রবার্ট রেডফোর্ডের সঙ্গে ‘ওয়ার হান্ট’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র দুনিয়ায় পা রাখেন এবং বহু বছর পরে ১৯৯২ সালে ‘এ রিভার রানস থ্রু ইট’-এ রেডফোর্ডের সঙ্গে পুনরায় জুটি বাঁধেন। যেখানে ব্র্যাড পিট অভিনয় করেছিলেন।
টমের কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল ১৯৭০ সালের কোরিয়ান যুদ্ধভিত্তিক কমেডি ‘ম্যাশ’-এ মার্কিন সেনা সার্জন ডিউক ফরেস্টের চরিত্রে অভিনয়ের মাধ্যমে। যেখানে আরও অভিনয় করেছিলেন ডোনাল্ড সাদারল্যান্ড, এলিয়ট গোল্ড এবং স্যালি কেলারম্যান।
ভিয়েতনাম যুদ্ধ নিয়ে তৈরি হওয়া এই হিট সিনেমাটি পাঁচটি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিল এবং বছর দুই পরে এটি টেলিভিশনের জন্যও নির্মিত হয়। ১৯৭৯ সালের চলচ্চিত্র ‘এলিয়েন’-এ সিগোর্নি উইভারের সঙ্গেও অভিনয় করেছিলেন এই সিনেমা, যা অস্কার মনোনীত হয়েছিল।
কর্মজীবনে তিনি বেশ কয়েকজন শক্তিশালী অভিনেত্রীর বিপরীতে অভিনয় করেছিলেন। ১৯৭৭ সালের ‘টার্নিং পয়েন্ট’ সিনেমায় শার্লি ম্যাকলেইনের সঙ্গে এবং ১৯৮৯ সালের ‘স্টিল ম্যাগনোলিয়াস’ ছবিতে স্যালি ফিল্ডের স্বামীর ভূমিকায় অভিনয় করেছিলেন টম। ১৯৮৬ সালের ক্লাসিক ‘টপ গান’ ছবিতে কমান্ডার মাইক ‘ভাইপার’ মেটকাফ চরিত্রে এই বহুমুখী অভিনেতা তরুণ টম ক্রুজের সঙ্গে ব্লকবাস্টারটিতে অভিনয় করেন।
স্কেয়ারিট ছোট পর্দায় ‘দ্য ওয়েস্ট উইং’, ‘ম্যাডাম সেক্রেটারি’, ‘ল অ্যান্ড অর্ডার: এসভিইউ’ এবং ‘হাফ’-এ বিশেষ ভূমিকায় অভিনয় করেছিলেন। ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রচারিত ‘ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স’ ধারাবাহিকে তিনি পরিবারের কর্তা উইলিয়াম ওয়াকার চরিত্রে ফিল্ডের সঙ্গে পুনরায় জুটি বাঁধেন।