লোকসমাজ ডেস্ক: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তী সময়ে এটি ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ পরিস্থিতিতে দেশের চার সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ২৪ অক্টোবরের সতর্কবার্তা অনুযায়ী, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছিল। শনিবার সকাল ৬টায় এটি পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৬০ কিলোমিটার দক্ষিণে, চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণে এবং মোংলা সমুদ্রবন্দর থেকে ৮২০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।
আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।
এদিকে, নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। উপকূলীয় এলাকার আকাশও কিছুটা মেঘাচ্ছন্ন। তবে স্থানীয়ভাবে পাওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত উল্লেখযোগ্য অন্য কোনো প্রভাবের খবর পাওয়া যায়নি।
সম্ভাব্য ঘূর্ণিঝড়ের আশঙ্কায় পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় সমুদ্রে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
The post বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা; বন্দরে ১ নম্বর সংকেত appeared first on লোকসমাজ.
