আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...
অভিনয়ে ফিরছেন বিপাশা
দীর্ঘ ছ’বছরের বিরতি কাটিয়ে আবার অভিনয়ে ফিরছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। পরিচালক হংসল মেহতার আগামী ক্রাইম ড্রামার হাত ধরেই পর্দায় প্রত্যাবর্তন হতে চলেছে তাঁর। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই নতুন প্রজেক্টের শুটিং। ফলে অভিনেত্রীর অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। জানা গিয়েছে, এই ক্রাইম ড্রামার গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বিপাশাকে। তাঁর সঙ্গে এই প্রজেক্টে রয়েছেন অভিনেতা সানি কৌশল এবং বিশাল জেঠওয়া। মাদক পাচারকে কেন্দ্র করে গড়ে উঠেছে সিরিজের প্রেক্ষাপট। ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়ার কথা এই সিরিজের। এর আগে ২০২০ সালে ‘ডেঞ্জারাস’ ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন বিপাশা। দীর্ঘ বিরতির পর নতুন চরিত্রে তাঁকে দেখার জন্য অপেক্ষায় রয়েছেন দর্শকরা।
লক্ষাধিক টাকার আনারকলিতে সাজলেন ইয়ামি
উৎসবের মরসুমে সাবেকি সাজে নজর কাড়লেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। তাঁর পরনে ছিল লাল রঙের একটি জমকালো সিল্কের অনারকলি, যার দাম প্রায় ১.০১ লক্ষ টাকা। পোশাকের সঙ্গে ভারী কাজ করা বাঁধনি দুপাট্টা তাঁর সাজে এনেছে আভিজাত্যের ছোঁয়া। ঐতিহ্যবাহী পোশাকের সঙ্গে আধুনিক স্টাইলের মেলবন্ধন ঘটিয়ে ফের ফ্যাশনপ্রেমীদের নজর কেড়েছেন অভিনেত্রী। আগামী ১৬ অক্টোবর মুক্তি পাওয়ার কথা ইয়ামির আসন্ন হরর-কমেডি ছবি ‘নয়ি নভেল্লি’র। ছবির প্রচারের ব্যস্ততার মধ্যেই তাঁর এই সাজ উৎসবের ফ্যাশনে নতুন অনুপ্রেরণা জোগাচ্ছে। পোশাকের রং, সূক্ষ্ম কারুকাজ এবং দুপাট্টার নকশা মিলিয়ে তৈরি হয়েছে আকর্ষণীয় লুক। অভিনেত্রীর এই সাজে ফুটে উঠেছে ভারতীয় ঐতিহ্য ও আধুনিক আভিজাত্যের সুন্দর সমন্বয়।
ছেলেকে হারানোর যন্ত্রণা আজও কুরেকুরে খায় শেখর সুমনকে
সন্তানকে হারানোর যন্ত্রণা কোনও সাফল্য বা প্রাপ্তি দিয়েই মুছে ফেলা যায় না। সেই কঠিন সত্যের কথাই ফের একবার তুলে ধরলেন অভিনেতা শেখর সুমন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ছেলে আয়ুষের মৃত্যুর আগের মুহূর্তগুলির কথা স্মরণ করেছেন তিনি। মাত্র ১১ বছর বয়সে গুরুতর অসুস্থতার কারণে মৃত্যু হয় আয়ুষের। শেখরের কথায়, এই ক্ষত আজও সারেনি। ছেলের অসুস্থতার সময় আর্থিক অনিশ্চয়তার মধ্যেও কাজ চালিয়ে যেতে হয়েছিল তাঁকে। সেই সময় টেলিভিশনে অভিনয় করতে প্রথমে রাজি না হলেও পরে ‘দেখ ভাই দেখ’ ধারাবাহিকে কাজ শুরু করেন তিনি। শেখর জানিয়েছেন, মৃত্যুর আগে আয়ুষ সোনালি আলো দেখার কথা বলেছিল এবং বাবার হাত ধরে বলেছিল, সে যেতে চায় না, তাকে যেন বাঁচানো হয়। ছেলেকে হারানোর পর অর্থ বা খ্যাতির গুরুত্ব তাঁর কাছে অনেকটাই বদলে যায়। পরিবারের জন্যই কাজ চালিয়ে গিয়েছেন তিনি।
