প্রকাশিত: ২২:২৯, ১৭ অক্টোবর ২০২৬ আপডেট: ২২:২৯, ১৭ অক্টোবর ২০২৬
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমান
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুথিদের হামলার ঘটনায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছে সংস্থাটি।
শনিবার (১৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২১ অক্টোবর থেকে দাম্মামগামী ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। তবে দাম্মাম বিমানবন্দর কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমতি পাওয়ার সাপেক্ষে এসব ফ্লাইট পরিচালনা করা হবে।
এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেদ্দা ও মদিনাগামী ফ্লাইটগুলো যথারীতি চালু রয়েছে। ফলে জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।
যাত্রীদের সুবিধার্থে এরই মধ্যে মদিনা রুটে অধিক যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে। এ ব্যবস্থা আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকবে। তবে আগামী ১৯ অক্টোবর, সোমবার থেকে এ রুটে আগের মতো বোয়িং ৭৮৭ উড়োজাহাজ পরিচালনা করা হবে।
এসব রুটে ফ্লাইট পরিচালনা ও সময়সূচি-সংক্রান্ত পরবর্তী হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া টিকিট ক্রয়, বুকিং ও ভ্রমণ-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
