নিউ ইয়র্কের অনুষ্ঠিত হয়ে গেল প্রবাসী সাহিত্য ও সংস্কৃতিচর্চা কেন্দ্র ‘ঊনবাঙাল’-এর সংগীত ও সাহিত্যভিত্তিক আয়োজন ‘সপ্তসুর’।
তিন মাসের প্রস্তুতির পর শুক্রবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে বাংলা গানপ্রেমীদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনটির সংগীত বিভাগের পরিচালক মিতা হোসেনের নির্দেশনায় সাত বরেণ্য সুরস্রষ্টা—রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, লালন ফকির, দ্বিজেন্দ্রলাল রায়, হাসন রাজা, শাহ আব্দুল করিম ও রাধারমণ দত্তের ২৩টি কালজয়ী গানের সমন্বয়ে সংগীত পরিবেশন করেন শিল্পীরা।
অনুষ্ঠানে বুলা আফরোজ, মোহাম্মদ শানু, সানজানা তাসমিন, আরিফ আহমেদ অর্ণব, রেজা কামাল, নজরুল ইসলাম, আবিদা সুলতানা, মুক্তি জহির, চমক ইসলাম, রেণু রোজা, দেলোয়ারা কামাল, নাসির উদ্দিন, মুন্না চৌধুরী ও শাহীনূর শাণূ নদী কণ্ঠ দেন। যন্ত্রসংগীতে ছিলেন রবিউল হাসান রুবেল, পিনু সেন ও মোহাম্মদ শানু।
ঊনবাঙালের প্রতিষ্ঠাতা কবি কাজী জহিরুল ইসলামের সূচনা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে মঞ্চে শুভেচ্ছা বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক মনজুর আহমদ ও ‘সাপ্তাহিক বাংলাদেশ’ পত্রিকার সম্পাদক ওয়াজেদ এ খান। তারা প্রবাসে শিল্প-সাহিত্য চর্চার মাধ্যমে নিজস্ব সংস্কৃতির শেকড় টিকিয়ে রাখার এ উদ্যোগের প্রশংসা করেন।
সংগীত ছাড়াও অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন আহসান হাবিব, জিএম ফারুক খান, জান্নাত সুলতানা ও সুমন শামসুদ্দিন। স্বরচিত কবিতা পাঠ পর্বে অংশ নেন সোহেল হামিদ, সাইফুস সানী, মুশফিক চৌধুরী, শেখ মিজান, রেণু রোজা, রওশন হক ও দীপ্তি বড়ুয়া।
পুরো অনুষ্ঠানটি পরিচালনা ও উপস্থাপনা করেন শাহীনূর শাণূ নদী। সহযোগী ছিলেন কাজী ফৌজিয়া, মুন্না চৌধুরী এবং নাসির উদ্দিন।
