বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিন আজ (১৯ অক্টোবর) মহাষ্টমী। এদিনের অন্যতম আকর্ষণ কুমারী পূজা। মাতৃরূপে কুমারী কন্যাকে জীবন্ত প্রতিমা হিসেবে কল্পনা করে জগজ্জননীর উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করেন ভক্তরা। এ সময় কুমারীর নামকরণ করা হয় দেবী দুর্গার কোনো এক নামে।
মহাষ্টমী উপলক্ষে সকালে রাজধানীর রামকৃষ্ণ মিশনে চলছে মহামায়ার আরাধনা। সূর্যোদয়ের আগে থেকেই শুরু হয়েছে কল্পারম্ভ ও পূজার আনুষ্ঠানিকতা। চণ্ডীপাঠ, পুষ্পাঞ্জলি ও নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে দিনটি।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই দিনে দেবী দুর্গা কোলাসুরকে বধ করেছিলেন। তাই মহাষ্টমীতে এক থেকে ১৬ বছর বয়সী সুলক্ষণা কন্যাকে দেবীজ্ঞানে পূজা করা হয়। ভক্তদের বিশ্বাস, প্রতিটি নারীর মধ্যেই মহামায়ার শক্তির প্রকাশ রয়েছে।
সকাল সাড়ে ৯টায় রামকৃষ্ণ মিশনে পূজার আসনে অধিষ্ঠিত হবেন কুমারী দেবী। এরপর পঞ্চনৈবেদ্য নিবেদনসহ নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে চলবে তাঁর আরাধনা। পূজা শেষে উপস্থিত ভক্তরা কুমারী দেবীর আশীর্বাদ গ্রহণ করবেন।
