নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজন মিয়া নামের এক চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাই হওয়া অটোরিকশাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে রোববার (১১ অক্টোবর) রাত ২টার দিকে উপজেলার রূপসী-বাগবাড়ি ব্রিজ এলাকায় হত্যার ঘটনা ঘটে।
নিহত রাজন মিয়া (২২) উপজেলার তারাবো পৌরসভার রূপসী কাহিনা এলাকার মিলন মিয়ার ছেলে। গ্রেপ্তার দুজন হলেন- রূপগঞ্জের চনপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে ফয়সাল মিয়া এবং নোয়াখালী সদর থানার করিমপুর এলাকার আব্দুল কাদির মিয়ার ছেলে জামাল মিয়া।
নারায়ণগঞ্জ ‘গ’ সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, সোমবার রাত ২টার দিকে কয়েকজন যুবক যাত্রী সেজে রূপসী স্ট্যান্ড থেকে রাজনের অটোরিকশা ভাড়া নেন। অটোরিকশাটি রূপসী-বাগবাড়ি ব্রিজ এলাকায় পৌঁছালে ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক রাজন মিয়াকে ধারালো ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন তারা। একপর্যায়ে তার গলায় আঘাত করে রাস্তার পাশে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
তিনি আরও বলেন, স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় রাজন মিয়াকে উদ্ধার করে স্থানীয় ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তারাবো এলাকা থেকে ধাওয়া করে ছিনতাই হওয়া অটোরিকশাসহ ফয়সাল ও জামালকে গ্রেপ্তার করে।
মেহেদী ইসলাম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহতের পরিবার মামলা করেছে।
