অভিযুক্ত কলকাতা পুলিশের ASI কবিরুল ইসলামগ্রাফিক্স: অমিত কুমার ঘোষ
Published on
:
1 min read
পুজো মণ্ডপের সামনে তরুণী ভলান্টিয়ারের শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হলেন কলকাতা পুলিশের ASI। ধৃতের নাম কবিরুল ইসলাম। সোমবার নিউ আলিপুর থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে গত শনিবার (১৭ অক্টোবর)। সুরুচি সঙ্ঘের মণ্ডপ থেকে বেরোনোর গেটের বাইরে ডিউটি পড়েছিল ASI কবিরুল ইসলামের। সেখানেই ভলান্টিয়ার ছিলেন ২১ বছরের ওই তরুণী। অভিযোগ, সেই সময়ে তাঁকে অনভিপ্রেত ভাবে স্পর্শ করেন ওই ASI। ঘটনার একটি ভিডিয়ো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে।
এর পরেই রবিবার নিউ আলিপুর থানায় ASI-এর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৭৫(২) ধারায় লিখিত অভিযোগ দায়ের করেন তরুণী ভলান্টিয়ার। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। শেষে সোমবার কবিরুলকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত কবিরুল কেএপি-র তৃতীয় ব্যাটালিয়নের ‘বি’ কোম্পানিতে ASI পদে কর্মরত। তদন্তকারীদের দাবি, তাঁর পরিবারের সদস্যদেরও বিষয়টি জানানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে।
ধৃত ASI-এর বিরুদ্ধে ওঠা অভিযোগের সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে অভিযোগকারিণী এবং সেই সময়ে উপস্থিত অন্য ভলান্টিয়ারদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গিয়েছে।
