জর্ডানের মধ্যাঞ্চলে একটি গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালে দুই বন্দুকধারীর গুলিতে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। শুক্রবার (২৩ অক্টোবর) দেশটির কারাক গভর্নরেটের একটি গির্জায় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।
প্রতিবেদন অনুযায়ী, একটি গাড়িতে করে এসে দুই বন্দুকধারী গির্জার ভেতরে প্রবেশ করে গুলি চালায়। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। হামলার সময় গির্জাটিতে অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে কয়েক ডজন মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত খালেদ বুরকান জর্ডানের রাষ্ট্রীয় টেলিভিশন আল-মামলাকাকে জানান, রাইফেল ও পিস্তল নিয়ে দুই হামলাকারী কয়েক মিনিট ধরে শোকাহত ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালায়।
হামলার ঘটনাকে ‘জঘন্য’ বলে উল্লেখ করেছেন জর্ডান সরকারের মুখপাত্র মোহাম্মদ আল-মোমানি। তিনি জানান, ঘটনার পরপরই সেখানে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি। এ ঘটনায় বিস্তারিত জানাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।
