ঢাকা: দেশীয় ফার্নিচার শিল্পের বিকাশ ঘটানো এবং রফতানি বাজার আরও সম্প্রসারণের লক্ষ্যে আগামী ২৭ অক্টোবর থেকে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী ২১তম জাতীয় ফার্নিচার মেলা ২০২৬। মেলা চলবে ২৭ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত।
সোমবার (১৯ অক্টোবর) অনলাইনে এক সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তথ্য তুলে ধরে বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি (বিএফএসএমএস)। মেলা উপলক্ষ্যে আইসিসিবির হল-২ (পুষ্পগুচ্ছ), হল-৩ (রাজদর্শন) ও হল-৪ (নবরাত্রি) জুড়ে সাজানো হচ্ছে মেলার প্রদর্শনী এলাকা। এবারের মেলায় দেশের ৪৪টি শীর্ষস্থানীয় ফার্নিচার প্রতিষ্ঠান ৩২৩টি স্টলে তাদের পণ্য ও নকশা তুলে ধরবে।
মেলায় দর্শনার্থীরা আখতার, হাতিল, ব্রাদার্স, নাদিয়া, আয়ত, ওমেগা, জেএমজি, নাভানা, অ্যাথেনাস, পারটেক্স, রিগাল ও লেগাসিসহ দেশের নামী ব্র্যান্ডগুলো অংশ নেবে। ছোটদের জন্য থাকছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। উদ্বোধনী দিনে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে প্রাক-প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণি এবং ‘খ’ গ্রুপে পঞ্চম থেকে অষ্টম শ্রেণির শিশুরা অংশ নিতে পারবে। নিবন্ধন শুরু হবে দুপুর ২টায় এবং প্রতিযোগিতা শুরু হবে বিকেল ৪টায়। ২০ জন শিশুকে প্রায় দুই লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।
এবিষয়ে আয়োজক কমিটির আহবায়ক ও বিএফএসএমএসের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ আব্দুল আউয়াল বলেন, এই মেলা সম্পূর্ণ দেশীয় ভোক্তাকেন্দ্রিক। এখানে শুধু দেশে তৈরি ফার্নিচারই প্রদর্শিত হবে, কোনো আমদানিকৃত ফার্নিচার থাকবে না। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো এবার নতুন নতুন নকশা নিয়ে হাজির হচ্ছে। নিজেদের সর্বশেষ নকশা ও উদ্ভাবনের কথা দেশবাসীকে জানানোর এটি ফার্নিচার নির্মাতাদের জন্য একটি বড় সুযোগ। বিক্রি বাড়াতে ক্রেতাদের জন্য থাকছে ১৫ শতাংশ পর্যন্ত ছাড়।
২৭ অক্টোবর সকাল ১০টা ৩০ মিনিটে আইসিসিবির হল-৪ (নবরাত্রি)-এ আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন এফবিসিসিআইয়ের প্রশাসক জনাব মো. ফজলুল হক এবং বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ড. কে এম আকতারুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএফএসএমএসের চেয়ারম্যান সেলিম এইচ রহমান। এছাড়া, বক্তব্য দিবেন বিএফএসএমএসের সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. ইলিয়াস সরকার, মহাসচিব এ করিম মজুমদার ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাকসুদুর রহমান।
দর্শনার্থীরা ২৭ থেকে ৩১ অক্টোবর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত আইসিসিবিতে মেলা ঘুরে দেখতে পারবেন। মেলায় প্রবেশের জন্য কোনো টিকিট বা প্রবেশমূল্য লাগবে না।
