শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা ও উপকূলীয় অঞ্চলের মানুষের জানমালের নিরাপত্তায় নজরদারি ও টহল জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের পূর্ব জোন। এ জোনের আওতাধীন তিন জেলার ১১টি উপজেলার ৬৩টি পূজামণ্ডপে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সোমবার (১৯ অক্টোবর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদে উদ্যাপন নিশ্চিত করতে পূজামণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পূজা চলাকালে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দায়িত্বপূর্ণ এলাকায় কোস্ট গার্ড সদস্যরা সার্বক্ষণিক নিয়োজিত রয়েছেন।
এ ছাড়া গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। প্রতিমা বিসর্জনের সময় সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলায় কোস্ট গার্ডের বিশেষ ডুবুরি দলও প্রস্তুত থাকবে।
কোস্ট গার্ড জানায়, হিন্দু ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে উৎসব উদ্যাপন করতে পারেন, সে লক্ষ্যে নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে সহায়তার জন্য কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
বিআলো/আর আই