ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও হরিপুর উপজেলায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে আটজনকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ১১৪ পিস ইয়াবা, ২৯০টি ট্যাপেনটাডল ট্যাবলেট, দুই লিটার চোলাই মদ, নগদ ১২ হাজার ৫০ টাকা ও দুটি মুঠোফোন জব্দ করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের রায়পুর গ্রামডাঙ্গী এবং হরিপুর উপজেলার টেংরিয়া দিলগাঁও গ্রামে এসব অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে রাণীশংকৈল থানা পুলিশের একটি টহল দল রায়পুর গ্রামডাঙ্গী এলাকায় অভিযান চালায়। ওই এলাকার মৌসুমী জামান তুষারের বাড়িতে বিক্রির উদ্দেশ্যে মাদকদ্রব্য নিয়ে কয়েকজন অবস্থান করছেন বলে খবর পায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মৌসুমী জামান তুষার (৩০), মনিরুজ্জামান তুহিন (৩৫) ও ফাহিম হককে (১৯) আটক করা হয়।
এ সময় তাঁদের কাছ থেকে ১৯০টি ট্যাপেনটাডল ট্যাবলেট, দুই লিটার চোলাই মদ, মাদক বিক্রির নগদ ১১ হাজার টাকা ও একটি স্মার্টফোন জব্দ করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মৌসুমী জামান তুষার পুলিশকে জানান, তিনি হরিপুর উপজেলার টেংরিয়া দিলগাঁও গ্রামের সাদ্দামের কাছ থেকে এসব মাদক সংগ্রহ করেছেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে হরিপুর থানা পুলিশের সহায়তায় ওই গ্রামে অভিযান চালানো হয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সাদ্দাম (৩৭), মাইনুদ্দিন বিশ্বাস ছোটন (২৮), তমিরুল ইসলাম (৩৪), রাকিবুল ইসলাম রানা (১৯) ও আশরাফকে (৩০) আটক করা হয়। তাঁদের কাছ থেকে ১১৪ পিস ইয়াবা, ১০০টি ট্যাপেনটাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১ হাজার ৫০ টাকা ও একটি বাটন মুঠোফোন জব্দ করা হয়।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, আটক ব্যক্তিরা পরস্পরের সহযোগিতায় বিক্রির উদ্দেশ্যে মাদকদ্রব্য নিজেদের হেফাজতে রেখেছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এমএ
