বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং মানিকগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুল বাতেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। বিশেষ বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলী, পুলিশ সুপারের প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস। এ ছাড়া প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং প্রতিবন্ধী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ ও স্বাধীনভাবে চলাচলের ক্ষেত্রে সাদাছড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহায়ক উপকরণ। তাঁদের অধিকার ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি শিক্ষা, কর্মসংস্থান এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণ করতে হবে। একই সঙ্গে তাঁদের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং সব ক্ষেত্রে সমান অধিকার প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তাঁরা।
আলোচনায় বক্তারা ফুটপাতে ট্যাকটাইল টাইলস স্থাপন, প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো নির্মাণ এবং গণপরিবহনে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সাদাছড়ি ব্যবহারকারীদের চলাচলে সহযোগিতার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান। তাঁরা বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা কেবল সরকারের দায়িত্ব নয়, বরং এ ক্ষেত্রে সমাজের প্রতিটি মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের বিনামূল্যে থেরাপি, কাউন্সেলিং এবং নিরাপদে চলাচলবিষয়ক প্রশিক্ষণ দেওয়ার কার্যক্রম চালু রয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি, তাঁদের অভিভাবক এবং সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
The post মানিকগঞ্জে নানা আয়োজনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন appeared first on ভোরের চেতনা.
