নারী নির্যাতনের অভিযোগে আবারও দল থেকে বহিষ্কার হয়েছেন নেত্রকোনার বারহাট্টা উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক সোহেল। মা-বাবাকে মারধরের ঘটনার পর এবার এক বিধবা নারীকে মারধরের অভিযোগে কেন্দ্রীয় যুবদল তাকে দল থেকে বহিষ্কারের পাশাপাশি প্রাথমিক সদস্যপদ থেকেও অব্যাহতি দিয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার কেন্দ্রীয় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। সংগঠনের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেন।
মোজাম্মেল হক সোহেল উপজেলার বিক্রমশ্রী গ্রামের তারা মিয়ার ছেলে।
জানা গেছে, সোমবার রাতে নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আনোয়ারুল হক পূজামণ্ডপ পরিদর্শনে বারহাট্টায় যান। এ সময় অর্চনা রানী দাস নামের এক বিধবা নারী সংসদ সদস্যের পা জড়িয়ে ধরে সোহেলের বিরুদ্ধে মারধরের অভিযোগ করে কান্নায় ভেঙে পড়েন। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।
এর আগে গত ৪ জুলাই নিজের মা-বাবাকে পেটানোর অভিযোগে বহিষ্কর হয়েছিলেন সোহেল। পরে মা-বাবাকে সাথে নিয়ে কেন্দ্রে তদবির করে গত ৩০ জুলাই বহিষ্কারাদেশ প্রত্যাহার করিয়ে দলে ফেরেন তিনি। দলে ফেরার তিন মাসের মাথায় আবারও নারী নির্যাতনের অভিযোগে বহিষ্কার হলেন তিনি।
এমই
