মাদারীপুরে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপরিচ্ছন্ন টয়লেট ও বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা নিজ হাতে পরিষ্কার করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) আনিছুর রহমান তালুকদার খোকন।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কার্যক্রম পরিচালনা করেন।
আনিছুর রহমান খোকন বলেন, নিজের ঘরের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের সবার দায়িত্ব। এসব প্রতিষ্ঠানকে বাসযোগ্য ও ব্যবহারোপযোগী করে রাখতে সবাইকে সচেতন হতে হবে।
তিনি বলেন, সেবা নিতে গিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নিজের বাড়ি মনে করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিয়ে তাদের পাশে থাকতে চান। তার কর্মী হিসেবে আমরাও মানুষের পাশে থাকতে বদ্ধপরিকর। এ জন্য জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
কর্মসূচিতে কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি সহ বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
