জনগণের কল্যাণ ও উৎপাদনমুখী উন্নয়ন নিশ্চিত করতে তারেক রহমানের সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। সরকারের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে জনগণের দোয়া ও সমর্থন প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে খাগড়াছড়ির মানিকছড়িতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে বাস্তবায়িত তিনটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওয়াদুদ ভুইয়া বলেন, উন্নয়ন মানে শুধু মসজিদ, মন্দির কিংবা অন্যান্য স্থাপনা নির্মাণ নয়; বরং মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং আয়ের সুযোগ সৃষ্টি হয়- এমন প্রকল্প বাস্তবায়নেও সরকার গুরুত্ব দিচ্ছে।
তিনি বলেন, সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন না হলে কৃষক ও উৎপাদকেরা তাদের পণ্য সহজে বাজারে নিতে পারবেন না। ফলে উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাওয়াও কঠিন হয়ে পড়ে। যোগাযোগব্যবস্থার উন্নয়ন হলে কৃষিপণ্যসহ অন্যান্য উৎপাদিত পণ্য সহজে বাজারজাত করা সম্ভব হবে। এতে পরিবহন ব্যয় কমবে, সময় সাশ্রয় হবে এবং মানুষের আয় বাড়বে।
জনগণের প্রকৃত কল্যাণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে ওয়াদুদ ভূইয়া বলেন, এলাকার কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম, হয়রানি কিংবা জুলুম-নির্যাতনের অভিযোগ থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। এ ক্ষেত্রে সরাসরি যোগাযোগ, টেলিফোন কিংবা খুদে বার্তার মাধ্যমে অভিযোগ জানানোর কথা উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, অভিযোগের ক্ষেত্রে সত্য ও নির্ভরযোগ্য তথ্য দিতে হবে, যাতে যথাযথ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়। জনগণের ওপর কোনো ধরনের জুলুম-নির্যাতন হলে তা কোনোভাবেই সমর্থন করা হবে না।
অনুষ্ঠানে এলজিইডির নির্বাহী প্রকৌশলী আনোয়ার রহমান, জেলা পরিষদের সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারসহ জেলা ও উপজেলা বিএনপির নেতারা, সরকারি কর্মকর্তা এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এলজিইডির অর্থায়নে মানিকছড়িতে যোগ্যাছোলা দ্বিতল গ্রামীণ বাজার ভবন, যোগ্যাছোলা-বাটনা-ছদুরখীল বাজার সড়ক এবং সত্যাপাড়া-বড়বিল সড়কের নির্মাণকাজের উদ্বোধন করা হয়।
