কালবেলা · খেলাধুলা
বাবর আজমের নতুন মাইলফলক, অক্ষুণ্ণ কোহলির বিশ্বরেকর্ড
১৮/১০/২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটে এক নতুন কীর্তি গড়লেন পাকিস্তানি ব্যাটার বাবর আজম। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ চলাকালীন এই অনন্য মাইলফলক স্পর্শ করেন তিনি।
রাওয়ালপিন্ডিতে লঙ্কানদের বিপক্ষে আজ ৪৫ রানের ইনিংস খেলেন বাবর। এই ইনিংস খেলার পথেই আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন এই ব্যাটার। মাইলফলকটি স্পর্শ করতে বাবর আজম খেলেছেন ৩৯৯ ইনিংস। তাতে ভারতীয় কিংবদন্তি বিরাট কোহলির ৩৫০ ইনিংসে করা রানের বিশ্বরেকর্ড অক্ষুণ্ণ রয়েছে।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, কোহলির চেয়ে ৪৯ ইনিংস বেশি খেলে এই তালিকায় নাম লিখিয়েছেন বাবর। এমনকি পাকিস্তানের হয়েও বাবরের চেয়ে কম ইনিংসে এই রান করার রেকর্ড রয়েছে মোহাম্মদ ইউসুফ (৩৮৮ ইনিংস) ও জাভেদ মিয়াঁদাদের (৩৯৮ ইনিংস)।
পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে মাত্র পঞ্চম ব্যাটার হিসেবে এই মাইলফলক ছোঁয়ার গৌরব অর্জন করলেন বাবর। এর আগে পাকিস্তানের জার্সিতে এই কীর্তি গড়েছিলেন ইনজামাম-উল-হক, ইউনিস খান, মোহাম্মদ ইউসুফ এবং জাভেদ মিয়াঁদাদ।
মূল প্রতিবেদনে যান ↗