নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোসাদ্দেক হাসান (২৬) নামে এক কলেজশিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে তার মৃত্যু হয়। এ বছর জেলায় হাসপাতালে ভর্তি থেকে ডেঙ্গুর চিকিৎসা নেওয়া রোগীদের মধ্যে এটিই প্রথম মৃত্যুর ঘটনা বলে জানিয়েছেন সিভিল সার্জন।
শনিবার (১৭ অক্টোবর) সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নরসিংদীর সিভিল সার্জন ডা. বুলবুল কবির।
নিহত মোসাদ্দেক হাসান নরসিংদী মডেল কলেজের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ের প্রভাষক ছিলেন। তিনি পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের খিলপাড়া এলাকার মোশাররফ মিয়ার ছেলে।
নিহতের স্বজনেরা জানান, প্রায় ১ মাস আগে মোসাদ্দেক ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার পর তিন দিন আগে আবারও জ্বরে আক্রান্ত হন তিনি। পরে তাকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার দুপুরে তার জ্বর বেড়ে যাওয়ার পাশাপাশি খিঁচুনি শুরু হয়। চিকিৎসকেরা চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি। ওই দিন রাত ১০টায় খিলপাড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
নরসিংদীর সিভিল সার্জন ডা. বুলবুল কবির জানান, চলতি বছর নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ৯৬ জন। তাদের মধ্যে শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলায় এটিই প্রথম মৃত্যুর ঘটনা।
এদিকে, গত ১২ অক্টোবর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তারতীলুল কোরআন একাডেমি নামে একটি বেসরকারি মাদ্রাসার পরিচালক হাফেজ শামসুল ইসলামের মৃত্যু হয়। তিনি ৯ অক্টোবর থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছেলে আজহারুল ইসলাম জাহিদ।
আমিনুর রহমান সাদী/এমএমবি
