The Sangbad · সাধারণ
মিঠাপুকুরে ধানক্ষেতের পাশে পড়ে ছিল স্কুলছাত্রের লাশ
১৮/১০/২০২৬

রংপুরের মিঠাপুকুরে ধানক্ষেতের পাশ থেকে আমিনুল ইসলাম আকাশ (১৬) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের গলায় আঘাতের চিহ্ন থাকায় তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ধারণার কথা জানিয়েছে পুলিশ।রোববার (১৮ অক্টোবর) সকালে উপজেলার ভাংনী ইউনিয়নের জুগিপাড়ার একটি ধানখেতের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আমিনুল ইসলাম আকাশ দক্ষিণ মাঠিয়া খোলা গ্রামের রহেদুল জামান মুন্নুর ছেলে। সে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার (১৮ অক্টোবর) সকালে মাঠের হাট সংলগ্ন কাঁচা রাস্তার পাশে ধানখেতে এক কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। পরে তারা বিষয়টি মিঠাপুকুর থানা-পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মরদেহের গলায় আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদনে নিহতের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাটির রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত জোরদার করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।’
মূল প্রতিবেদনে যান ↗