Published : 18 Oct 2026, 05:32 PM
Updated : 18 Oct 2026, 05:32 PM
চাঁদপুরের কচুয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে উপজেলার উত্তর কচুয়া ইউনিয়নের উজানী গ্রামের সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম আকাশ।
নিহতরা হলো- ওই গ্রামের রহিম হোসেনের মেয়ে সাদিয়া (১০) এবং বিল্লাল হোসেনের মেয়ে সামিরা (৮)। সামিরা পূজার ছুটিতে চট্টগ্রাম থেকে দাদার বাড়িতে বেড়াতে এসেছিল।
পুলিশ ও স্বজনরা জানান, দুপুরে শিশু দুটি বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এক পর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।
পরে পুকুরে দুই শিশুকে ভাসতে দেখে স্বজনেরা উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক জহিরুল ইসলাম পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় দুই শিশুর পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাদের আকস্মিক মৃত্যুতে গ্রামে শোকের আবহ বিরাজ করছে।
পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি আজিজুল ইসলাম আকাশ।
