প্রথমবার বিশ্বকাপে বাংলাদেশ, পর্তুগাল-ওয়েলসসহ যাদের বিপক্ষে খেলা
ছেলেদের অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল
চ্যানেল আই অনলাইনপ্রকাশ: আপডেট:
আজারবাইজানে ১৯১ দেশ নিয়ে ছেলেদের ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল হতে যাচ্ছে। এ বিশ্বকাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দল। ফিফার বৈশ্বিক কোনো আসর বা ফিফা বিশ্বকাপে এবারই প্রথম অংশগ্রহণ করবে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে জুনিয়র টাইগারদের গ্রুপপর্ব বেশ কঠিন হতে যাচ্ছে।
ফিফা ১৯১টি দেশকে মোট ৩২টি গ্রুপে ভাগ করেছে। বাংলাদেশ খেলতে যাচ্ছে ‘সি’ গ্রুপে। গ্রুপে বাংলাদেশের অন্যান্য প্রতিপক্ষ ওয়েলস, পর্তুগাল, বুরুন্ডি, ইন্দোনেশিয়া এবং ফিজি। ৩২ গ্রুপের শীর্ষে থাকা দলগুলোকে নিয়ে হবে নকআউট গ্রুপ। বাকি দলগুলোকে নিয়ে হবে প্লেট পর্যায়।
প্রথমবার বিশ্বকাপের আসরে খেলতে যাওয়া বাংলাদেশ দল অবশ্য বেশ খানিকটা আত্মবিশ্বাসী। বাংলাদেশের অধিনায়ক ফাহিম হাসান বলেন, ‘আমরা যে সুযোগটা পেয়েছি তা কাজে লাগানোর চেষ্টা করব এবং আমরা আমাদের সর্বোচ্চটা উজার করে খেলার চেষ্টা করব। আমাদের চেষ্টা থাকবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া।’
‘আমরা দীর্ঘ দিন যাবত অনুশীলন করছি, কোচদের নির্দেশনা অনুসরণ করার চেষ্টা করছি। আমরা বাংলাদেশকে একটা সারপ্রাইজ দিতে চাই। আমরা এত ছোট বয়সের হয়ে বিশ্বকাপের মতো এত বড় একটা মঞ্চে গিয়ে কিছু একটা অর্জন করতে চাই।’
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের খেলা হবে মোট ৪০ মিনিট। ২০ মিনিট করে মোট দুই অর্ধে খেলা হবে। স্কোয়াড ১৪ জনের হলেও খেলতে পারবে মোট আট জন করে। আসরটি শুরু হবে ২৪ অক্টোরব থেকে এবং চলবে ৩০ তারিখ পর্যন্ত। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ওয়েলসের বিপক্ষে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
