নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আরো তিনজনের মৃত্যু হয়েছে। ফলে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোররাতে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়ায় জাহেদা ক্লিনিকের সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন নাটোরের জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানায়, কুয়াকাটা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও চারজন মারা যান।
নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত হয়েছে। তিনি শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজীরহাট গ্রামের ইউনুস আলীর ছেলে সোহাগ হোসেন (৩০)। অন্য নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনাকবলিত বাসের যাত্রী আব্দুস সালাম জানান, বাসটি কুয়াকাটা থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। তিনি মাদারীপুরের মোস্তাকপুর থেকে চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে রাত ৯টার দিকে বাসে ওঠেন। তার আসন ছিল বাসের পেছনের দিকে।
তিনি অভিযোগ করেন, বাসটিতে অতিরিক্ত যাত্রী ছিল। সব আসন পূর্ণ থাকার পাশাপাশি অনেক যাত্রী দাঁড়িয়ে ছিলেন। যাত্রীর চাপে বাসের ভেতরে পা ফেলারও জায়গা ছিল না। বাসটি অতিরিক্ত গতিতে চলছিল এবং চালক মাঝেমধ্যে জোরে ব্রেক করছিলেন। এতে যাত্রীরা আসন থেকে ছিটকে পড়ছিলেন।
বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন এবং নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন উপ-পরিচালক আক্তার হামিদ খান জানান, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। ঘটনাস্থল থেকে ১০ জনে মরদেহ উদ্ধার করে উপজেলা হাসপাতালে পাঠানো হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
নাটোরের জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।
