নিজস্ব প্রতিবেদক
যশোর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)।বুধবার (১৪ অক্টোবর) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপি’র একটি টহলদল সীমান্তবর্তী এলাকায় এ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে ভারতীয় ৪৯টি শাড়ী, ১টি থ্রি-পিস, ১টি টু-পিস, ৩টি কম্বল, ২ প্যাকেট ফুসকা, ১ কেজি কিসমিস, ৩৬০টি চকলেট, ১ প্যাকেট সোনপাপড়ি এবং ১৪১টি কসমেটিক্স সামগ্রী আটক করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৬২ হাজার ২০০ টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত দিয়ে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল পাচার রোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় বিজিবি নিয়মিত অভিযান চালিয়ে এসব অবৈধ মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এই কঠোর ও আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
