আজীবন সম্মাননায় ভূষিত কিংবদন্তি শিল্পী
কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন ও জনপ্রিয় কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদের গানে মাতোয়ারা হয়ে উঠলো স্কটল্যান্ডের এডিনবরা। প্রবাসের মাটিতে বাংলা গানের সুরে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রবাসী বাংলাদেশিরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্কটল্যান্ডের এডিনবরার দ্য ডিনে এই উৎসব ও কনসার্টের আয়োজন করা হয়। স্কটল্যান্ড বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে এবং শাহ ইমদাদুল হক বাবুর ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে গান পরিবেশন করেন সাবিনা ইয়াসমিন, ফেরদৌস ওয়াহিদ এবং স্কটল্যান্ড বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থার শিল্পীরা।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলো সাবিনা ইয়াসমিনের পরিবেশনা। তার গানে মুগ্ধ হন উপস্থিত দর্শকেরা। প্রিয় শিল্পীদের গান শুনে অনেকেই ফিরে যান ফেলে আসা দিনের স্মৃতিতে। আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয় পুরো আয়োজনজুড়ে। অতিথি ও দর্শকদের অনেকেই তাদের অনুভূতি প্রকাশ করেন। পরে সাবিনা ইয়াসমিনকে স্কটল্যান্ড বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে আজীবন সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সরদার হীরক রাজা সঞ্চালনায় আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কটল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের অনারারি কনসাল ড. ওয়ালী তাসার উদ্দিন, স্কটিশ পার্লামেন্টের সদস্য ফয়সল চৌধুরী, স্কটল্যান্ডে বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল রহিম জাকির, বিএনপি নেতা আলা উদ্দিন আলো ও জাহাঙ্গীর কবির এবং ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রহিম।
এই আয়োজন উপভোগ করতে ম্যানচেস্টার, বার্মিংহাম, গ্লাসগো, অ্যাবারডিন, নিউক্যাসল, লন্ডন ও নর্দার্ন আয়ারল্যান্ডসহ যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসী বাংলাদেশিরা এডিনবরায় সমবেত হন। তাদের সঙ্গে যোগ দেন বিভিন্ন দেশের সংগীতপ্রেমীরাও।
প্রবাসে বাংলা গান ও সংস্কৃতিকে ধারণ এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
