বিগ ব্যাশ লিগকে (বিবিএল) বিশ্বব্যাপী জনপ্রিয় করে তুলতে এবার বড় পদক্ষেপ নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের আসন্ন মৌসুমের উদ্বোধনী ম্যাচ আয়োজন করা হবে ভারতের চেন্নাইয়ে। আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত এই ম্যাচে মুখোমুখি হবে মেলবোর্ন রেনেগাডস ও পার্থ স্কর্চার্স।
বিবিএলপ্রধান অ্যালিস্টার ডবসনের দাবি, চেন্নাইয়ে ম্যাচ আয়োজনের ঘোষণার পর টিকিট বিক্রিতে দারুণ সাড়া মিলেছে। ইতোমধ্যে এটি মৌসুমের সবচেয়ে বেশি টিকিট বিক্রি হওয়া ম্যাচ। গত সপ্তাহে বিক্রি শুরুর প্রথম ৩০ মিনিটেই ২ হাজার টিকিট শেষ হয়ে যায়। এরপর দর্শকদের জন্য আরও টিকিট ছাড়তে হয়েছে আয়োজকদের।
শুক্রবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ডবসন বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটের বিশ্বায়ন এবং আইপিএল ও বিবিএলের মতো বড় লিগগুলোর আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রতিষ্ঠিত করার গুরুত্ব সবাই দেখতে পাচ্ছেন। শুধু নিজেদের দেশে নয়, বিশ্বজুড়েই এসব লিগের জনপ্রিয়তা ও সাফল্য বাড়ানো প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘বিবিএল এখন শুধু অস্ট্রেলিয়ার লিগ নয়। অস্ট্রেলিয়ার মধ্যে সীমাবদ্ধ থেকে নিজেদের ঘরের মাঠে বেড়ে ওঠার দিনও আর থাকছে না। বিবিএল এখন একটি বৈশ্বিক লিগ, যার সমর্থক ও প্রভাব সারা বিশ্বে রয়েছে।’
ডবসনের মতে, বিশ্বের সেরা খেলোয়াড়দের আকৃষ্ট করা এবং বিভিন্ন দেশের দর্শকদের কাছে পৌঁছানো বিবিএলের অন্যতম লক্ষ্য। তার বিশ্বাস, আন্তর্জাতিক পর্যায়ে শীর্ষ কয়েকটি টি-টোয়েন্টি লিগের মধ্যে বিবিএলও রয়েছে। ভারতের মতো ক্রিকেটপাগল দেশে ম্যাচ আয়োজন এই অবস্থান আরও দৃঢ় করবে।
ভবিষ্যতে ভারতে নারী বিগ ব্যাশ লিগের (ডব্লিউবিবিএল) ম্যাচ আয়োজনের সম্ভাবনাও উড়িয়ে দেননি ডবসন। তবে আপাতত তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চেন্নাইয়ে এবারের বিবিএল উদ্বোধনী ম্যাচ সফলভাবে আয়োজন করা।
এমএমএম/
