ইসরায়েলে জার্মানির অব্যাহত অস্ত্র রপ্তানির প্রতিবাদে দেশটির একাধিক অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রবেশপথ অবরোধ করেছেন ফিলিস্তিনপন্থি আন্দোলনকারীরা। মঙ্গলবার (২০ অক্টোবর) সমন্বিত এ কর্মসূচির মাধ্যমে অস্ত্র সরবরাহ বন্ধের দাবি জানান তারা।
‘পিসফুলি এগেইনস্ট জেনোসাইড’ নামের একটি সংগঠন এ কর্মসূচির আয়োজন করে। বিক্ষোভকারীরা অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান রাইনমেটালের একাধিক স্থাপনা এবং জেনারেল ডায়নামিকসের একটি স্থাপনার প্রবেশপথ অবরোধ করেন।
জার্মানির রাজধানী বার্লিনের ওয়েডিং এলাকায় রাইনমেটালের একটি কারখানার সামনেও অবস্থান কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীরা।
সংগঠনটির প্রতিনিধি লাইলা ফুইস এক বিবৃতিতে বলেন, গত তিন বছর ধরে ফিলিস্তিনে প্রতিদিন মানুষ নিহত হচ্ছেন। তার অভিযোগ, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের কর্মকাণ্ড গণহত্যার শামিল।
ফুইসের দাবি, এসব ঘটনার পরও জার্মান সরকার ইসরায়েলে অস্ত্র সরবরাহের অনুমোদন দিয়ে যাচ্ছে। একই সঙ্গে রাইনমেটালের মতো প্রতিষ্ঠানগুলো পূর্ণ গতিতে অস্ত্র উৎপাদন চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী অস্ত্র সরবরাহের মাধ্যমে গণহত্যায় অংশগ্রহণ নিষিদ্ধ। তবে এ নিষেধাজ্ঞা জার্মান রাষ্ট্রের অস্ত্র সরবরাহ অব্যাহত রাখাকে থামাতে পারেনি বলে তিনি অভিযোগ করেন।
বিক্ষোভকারীদের অবস্থানের ব্যাখ্যা দিয়ে ফুইস বলেন, অস্ত্র কারখানাগুলো অবরোধ করা হচ্ছে আইন ভাঙার জন্য নয়, বরং সবার অধিকার রক্ষা এবং মানুষের জীবন বাঁচানোর স্বার্থে।
ইসরায়েলে অস্ত্র সরবরাহ নিয়ে জার্মানিতে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও মানবাধিকারভিত্তিক বিতর্ক চলছে। বিক্ষোভকারীদের দাবি, অস্ত্র রপ্তানি বন্ধের মাধ্যমে ফিলিস্তিনে সহিংসতা কমাতে ভূমিকা রাখতে হবে।
