তোমান কুমার ও শীতল দেবীছবি: SAI
Published on
:
2 min read
প্যারা এশিয়াডের মঞ্চে তিরন্দাজিতে ফের তাক লাগালেন ভারতের শীতল দেবী। জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত পঞ্চম এশিয়ান প্যারা গেমস ২০২৬-এর আসরে তিরন্দাজিতে সোনা জিতলেন জম্মু ও কাশ্মীরের এই প্যারা-আর্চার। বৃহস্পতিবার সকালে কম্পাউন্ড মিক্সড টিম ওপেন ইভেন্টের মেগা ফাইনালে সতীর্থ তোমান কুমারকে সঙ্গে নিয়ে ইন্দোনেশিয়ার জুটিকে ১৫১-১৪৮ ব্যবধানে পর্যুদস্ত করে সোনা জেতেন শীতল।
প্রথমবারেই এগিয়ে যায় ভারত
ফাইনালে শীতল-তোমান জুটির শুরুটা ছিল প্রশংসনীয়। ইন্দোনেশিয়ার টেওডোরা অডি আয়ুদিয়া ফেরেলে এবং কেন সোয়াগুমিলংয়ের জুটির বিরুদ্ধে প্রথম এন্ডেই ৩৮-৩৭ ব্যবধানে এগিয়ে যায় ভারত। দ্বিতীয় এন্ডে আরও অপ্রতিরোধ্য হয়ে ওঠে ভারতীয় জুটি; নিখুঁত শটে ৩৯ তুলে নিয়ে ব্যবধান বাড়িয়ে ৭৭-৭৩ করে ফেলেন। তৃতীয় এন্ডে প্রতিপক্ষ কিছুটা প্রত্যাঘাত করার চেষ্টা করায় ভারত ৩৬ পয়েন্টে থামে, কিন্তু তখনও ৩ পয়েন্টের লিড বজায় থাকে। চতুর্থ তথা শেষ রাউন্ডে কোনও ভুল করেননি শীতল ও তোমান; ৩৮ পয়েন্ট তুলে ১৫১-১৪৮ স্কোরে ইন্দোনেশিয়াকে গুঁড়িয়ে দিয়ে ভারতের ঝুলিতে সোনার পদক এনে দেন তাঁরা।
এর আগে সেমিফাইনালের মঞ্চেও দেখা গিয়েছিল তাঁদের মানসিক শক্তির পরিচয়। চিনা তাইপের ইউন-হসিয়েন লি এবং জিউন-কাই ইয়াং জুটির বিরুদ্ধে এক সময় ১১২-১০৩ ব্যবধানে দাপট দেখাচ্ছিল ভারত। কিন্তু শেষ রাউন্ডে তোমানের একটি লক্ষ্যভ্রষ্ট শট পুরো পরিস্থিতি বদলে দেয়। এমন সংকটের মুখেও মাথা ঠান্ডা রেখে পরপর তিনটি শট ১০ মারেন শীতল ও তোমান। রুদ্ধশ্বাস ১৪২-১৪১ পয়েন্টের জয় নিয়ে টিকিট নিশ্চিত করেন ফাইনালের।
এই সোনার উপর ভর করে শীতল দেবী তাঁর প্যারা এশিয়াড শেষ করলেন দুটো সোনা ও একটা রুপো দিয়ে।
তোমান কুমার ও শীতল দেবীছবি: SAI
ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সাফল্য ভারতের
তিরন্দাজির পাশাপাশি এদিন ট্র্যাক অ্যান্ড ফিল্ডেও সাফল্য পেয়েছে ভারতের মহিলা অ্যাথলিট সুবর্ণা রাজ। মহিলাদের এফ৫৪ (F54) ডিসকাস থ্রো ইভেন্টে একচ্ছত্র আধিপত্য কায়েম করে সোনা জিতেছেন তিনি। মোট ছয়জন প্রতিযোগীর এই লড়াইতে সুবর্ণার ধারাবাহিকতা ছিল দেখার মতো। ছয়টি থ্রোয়ের মধ্যে চারটি থ্রো-তেই তিনি ১৫ মিটারের গণ্ডি টপকে যান। পঞ্চম প্রচেষ্টায় নিজের সেরা ১৫.৬৬ মিটারের থ্রো করে ছুড়ে প্রতিপক্ষদের ধরাছোঁয়ার বাইরে চলে যান সুবর্ণা।
বৃহস্পতিবার সকালে সুবর্ণা রাজের ডিসকাসে সোনা এবং তার পরপরই শীতল দেবী ও তোমান কুমারের হাত ধরে তিরন্দাজিতে ঐতিহাসিক স্বর্ণপদক—এই জোড়া সাফল্যের সুবাদে চলতি এশিয়ান প্যারা গেমসে ভারতের মোট সোনার সংখ্যা পৌঁছে গেল ১৬টিতে।
