রাজবাড়ী শহরের সজ্জনকান্দায় মসজিদের সামনে অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে পিয়ারুল ইসলাম (৩৫) নামে এক ডিশ ব্যবসায়ী নিহতের ঘটনায় রাজবাড়ী সদর থানায় মামলা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ। এর আগে শনিবার রাতে নিহতের স্ত্রী ফারজানা হক বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। সদর থানার মামলা নম্বর ২০। মামলায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
নিহত পিয়ারুল ইসলাম রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় মুরারীপুর গ্রামের হুারুন সরদারের ছেলে। তিন কয়েক বছর ধরে রাজবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের সজ্জনকান্দা পূর্ব পাড়ার রাজনের দোকানের এলাকায় স্ত্রী, সন্তান নিয়ে বসবাস করতেন। তিনি ওই এলাকায় ডিশ লাইনের ব্যবসা করতেন এবং এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন। তার নামে রাজবাড়ী সদর থানাসহ বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, মাদকসহ ১৪ টি মামলা রয়েছে বলে জানা গেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৭টা ৩৫ মিনিটে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদে এশার নামাজ শেষে মসজিদের উত্তর পাশের কলাপসিবল গেটের সামনে পাকা রাস্তায় দাঁড়িয়ে ছিলেন পিয়ারুল ইসলাম। এ সময় দুটি মোটরসাইকেলে করে চারজন অজ্ঞাতনামা ব্যক্তি সেখানে এসে তার সামনে থামেন। একপর্যায়ে মোটরসাইকেলে থাকা এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র দিয়ে তাকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়েন। এতে একটি গুলি তার বুকের বাম পাশে লাগে। তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান।
গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে অ্যাম্বুলেন্সে করে নেওয়ার পথে রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে গোয়ালন্দ মোড় এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়।
পরে তার মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হয়।পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের ব্যবস্থা করে। ১৭ অক্টোবর ময়নাতদন্ত শেষে দুপুরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। ওই দিন আসরের নামাজের পর সজ্জনকান্দা ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা শেষে পাশের কবরস্থানে তাকে দাফন করা হয়।
এজাহারে নিহতের স্ত্রী উল্লেখ করেন, তার ধারণা, পূর্ববিরোধের জেরে অজ্ঞাতনামা আসামিরা পরস্পর যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে প্রকাশ্যে গুলি করে তার স্বামীকে হত্যা করেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, নিহত পিয়ারুলের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। আমরা মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।
মীর সামসুজ্জামান সৌরভ/এএমকে
