কক্সবাজারের উখিয়ায় ইনানীর পাটুয়ারটেক সৈকতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ১০ জনের প্রাণহানির ঘটনায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি রিসোর্টটির অগ্নিনিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেতা ইরফান সাজ্জাদ।
বিশেষ করে, সন্তানকে খুঁজতে থাকা এক মায়ের আর্তনাদের কথা উল্লেখ করে নিজের কষ্টের কথা জানিয়েছেন এই অভিনেতা।
নিজের ফেসবুক পাতায় দেওয়া এক পোস্টে রিসোর্টের নিরাপত্তাব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ইরফান সাজ্জাদ। তার মতে, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে মানুষের জীবনের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। অথচ প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তাব্যবস্থা না থাকলে এমন ব্যবসা কীভাবে পরিচালিত হয়, সেই প্রশ্ন তুলেছেন তিনি।
ফেসবুক পোস্টে ইরফান সাজ্জাদ লিখেছেন, ‘মন চাইলো বানিয়ে ফেললাম একটা রিসোর্ট! শুরু করলাম ব্যবসা! আর যাদের জন্যই ব্যবসা তাদের জীবনের নিরাপত্তার কথা ভাবার দরকারই বা কি!! টাকা তো আসতেসেই! শিশুসহ এখন পর্যন্ত ১০ জনের প্রাণহানি! ন্যূনতম অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকা এসব নাম সর্বস্ব রিসোর্টগুলো কিভাবে ব্যবসা করে যায়! বাচ্চাকে খুঁজে বেড়ানো ওই মায়ের আর্তনাদ সহ্য করতে পারছি না।’
এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্টটির অগ্নিনিরাপত্তাব্যবস্থা নিয়েও গুরুতর প্রশ্ন উঠেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ জানিয়েছেন, রিসোর্টটির ফায়ার সার্ভিসের লাইসেন্স ছিল না।
টুপটুপ রিসোর্টে এই প্রাণহানির ঘটনা পর্যটনকেন্দ্রগুলোতে অগ্নিনিরাপত্তাব্যবস্থা, প্রয়োজনীয় অনুমোদন এবং পর্যটকদের জীবনের সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি নতুন করে সামনে এনেছে। ইরফান সাজ্জাদের পোস্টেও সেই নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বেগ ও ক্ষোভের প্রকাশ ঘটছে।
