কালবেলা · আন্তর্জাতিক
৭৫ বছরে একবারও কর্মী ছাঁটাই করেনি যে প্রতিষ্ঠান
২২/১০/২০২৬

যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসের একটি প্রতিষ্ঠান ৭৫ বছর ধরে কোনো কর্মী ছাঁটাই না করার রেকর্ড গড়েছে। এ সাফল্যের পেছনে শুধু কর্মীবান্ধব সংস্কৃতি নয়, রয়েছে ব্যয়ের বিশেষ ব্যবস্থাপনাও।
১৯৫১ সালে একজন মিষ্টি বিক্রেতা এড গান্ড ‘দ্য গান্ড’ নামের প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। এরপর থেকে সেখানে কোনো কর্মী ছাঁটাই করা হয়নি। বর্তমানে কম্পোজিট উপকরণ উৎপাদনকারী প্রতিষ্ঠানটিতে কাজ করেন ১ হাজার ৩০০ কর্মী। বিক্রি প্রায় ৪০ কোটি ডলারের কাছাকাছি এবং গত এক দশকে প্রতিষ্ঠানটির বার্ষিক গড় প্রবৃদ্ধি ১৮ শতাংশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রকাশিত দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে গান্ডকে এমন একটি প্রতিষ্ঠান হিসেবে তুলে ধরা হয়েছে, যা অন্য পারিবারিক ব্যবসার মালিকদের কাছে ব্যবস্থাপনার এক উন্মুক্ত পাঠ্যবই হয়ে উঠেছে।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটির বর্তমান কর্মী ১ হাজার ৩০০ জন, বিক্রি প্রায় ৪০ কোটি ডলার। গত এক দশকে বার্ষিক গড় প্রবৃদ্ধি ১৮ শতাংশ। একই সময়ে মুনাফার হার দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টিভ গান্ড।
প্রতিবেদনে বলা হয়, জেনারেল ইলেকট্রিক (জিই) ও রকওয়েল অটোমেশন প্রতিষ্ঠানটির গ্রাহক। বিদ্যুৎ উৎপাদনকারী বায়ুকল থেকে শুরু করে শহরতলির সড়কের পাশে থাকা সবুজ রঙের ট্রান্সফরমার বাক্স পর্যন্ত বিদ্যুৎ অবকাঠামোর বিভিন্ন ক্ষেত্রে গান্ডের তৈরি ইনসুলেশন ও কম্পোজিট যন্ত্রাংশ ব্যবহৃত হয়।
দ্য ওয়াল স্ট্রিট উল্লেখ করে, কারখানায় নতুন নিয়োগ পাওয়া কর্মীরা গড়ে বছরে ৫৫ হাজার থেকে ৬৫ হাজার ডলার বেতন পান। এর সঙ্গে অতিরিক্ত কাজের পারিশ্রমিক ও মুনাফার অংশ যুক্ত হয়। প্রতিষ্ঠানের প্রতিটি পেশাগত ধাপের বেতনসীমা অভ্যন্তরীণভাবে প্রকাশ করা হয়।
প্রতিষ্ঠানটির কর্মীদের মধ্যে বছরে ১০ শতাংশেরও কম চাকরি ছাড়েন। তাদের অধিকাংশই চাকরির প্রথম বছরে চলে যান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
১২ ধাপের একটি পরিকল্পনার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে প্রতিষ্ঠানটির পরিচালনব্যবস্থা। তত্ত্বাবধায়কেরা কারখানার বিভিন্ন অংশে ঘুরে কর্মীদের কাছে জানতে চান, কোন কাজ ভালো হচ্ছে এবং কোথায় সমস্যা রয়েছে। সমস্যাগুলো লাল কার্ডে তুলে ধরা হয়। সমাধানের কাজ শুরু হলে কার্ডের রং লাল থেকে হলুদ করা হয়।
১৯৯০-এর দশকের শুরুর দিকে স্টিভ গান্ড ও তার ভাই রিচ পূর্ণকালীনভাবে পারিবারিক এই ব্যবসায় যুক্ত হন। তখন প্রতিষ্ঠানটির বার্ষিক ব্যবসার পরিমাণ ছিল ২৭ লাখ ডলার এবং কর্মী ছিলেন ২০ জন। তাদের মধ্যে পরিবারের সদস্য ছিলেন ৯ জন। সে সময় কর্মীপ্রতি আয় ছিল প্রায় ১ লাখ ৩৫ হাজার ডলার। বর্তমানে তা বেড়ে প্রায় ৩ লাখ ৮ হাজার ডলারে দাঁড়িয়েছে।
কর্মী ছাঁটাই না করার নীতিটি তাদের বাবা পলের কাছ থেকে এসেছে। তাদের মতে, আর্থিক ব্যবস্থাপনায় ব্যর্থতার কারণে কাউকে চাকরিচ্যুত করতে হলে সেটি নেতৃত্বের ব্যর্থতা।
প্রকাশিত তথ্য অনুযায়ী, দ্য গান্ডের পরিকল্পনা হলো কর্মী ছাঁটাই না করার নীতি অক্ষুণ্ন রেখে ব্যবসার প্রবৃদ্ধি ধরে রাখা এবং যুক্তরাষ্ট্রের বাইরের কারখানাগুলোতেও কর্মীদের মালিকানা নিশ্চিত করা।
তথ্যসূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল
মূল প্রতিবেদনে যান ↗