পাকিস্তানে বিশৃঙ্খলা জারি। রাজনৈতিক ঝামেলার কোপ এবার পড়ল ক্রিকেটের বাইশ গজে। জরুরি অবস্থায় টালমাটাল পাক ক্রিকেটের ‘পাইপলাইন’ প্রেসিডেন্ট ট্রফি। যে টুর্নামেন্টে কদিন আগে বাবর আজমের মতো তারকারা খেলেছিলেন। সম্প্রতি খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা জারি করেছেন পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। এবার সেই অঞ্চল থেকে ম্যাচ সরিয়ে নেওয়া হল। সেই ম্যাচগুলো হবে শেখুপুরা ও লাহোরে।
পাক ক্রিকেটে লাল বলের সবচেয়ে বড় টুর্নামেন্ট প্রেসিডেন্ট ট্রফি গ্রেড ১। অ্যাবটাবাদ, ইসলামাবাদ, পেশোয়ার ও রাওয়ালপিন্ডিতে আটটি দলের মধ্যে খেলা হয়। মূলত সেপ্টেম্বরের শুরু থেকে অক্টোবরের শেষ পর্যন্ত ম্যাচ চলে। ইতিমধ্যে টুর্নামেন্টের অর্ধেক ম্যাচ হয়ে গিয়েছে। কিছুদিন আগে পাক তারকা বাবর আজম এই টুর্নামেন্ট খেলতে অ্যাবটাবাদে গিয়েছিলেন।
তবে আপাতত আর কোনও ম্যাচ হবে না। ১৪ অক্টোবর থেকে সব ম্যাচ পেশোয়ার ও অ্যাবোটাবাদ থেকে শেখুপুরা ও লাহোরে সরিয়ে নিয়েছে বলে জানা গেছে। পাক ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। যাদের কর্তা মহসিন নকভি আবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। যার মধ্যে বাবর আজমের দল ওয়েল ও গ্যাস লিমিটেডও আছে। তাদের ম্যাচ এখন লাহোরে হবে। ফাইনালও লাহোরে হবে। এমনকী টুর্নামেন্টের সপ্তম পর্বের ম্যাচগুলো একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।
এতদিন পর্যন্ত খাইবার পাখতুনখোয়ায় ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরানের খানের দল পিটিআইয়ের সরকার। জেলবন্দি ইমরানের মুক্তি চেয়ে পথে নেমেছেন পিটিআই কর্মী-সমর্থকরা। সেই দেখেই নড়েচড়ে বসেছে শাহবাজ শরিফের সরকার। প্রতিবাদীদের সটান জঙ্গি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। ইসলামাবাদ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, প্রদেশের আইনশৃঙ্খলা রক্ষায় পিটিআই সরকার একেবারে ব্য়র্থ। তাই পাক সংবিধানের ২৩২ এবং ২৩৪ ধারা আরোপ করে ওই প্রদেশে জারি হয়েছে জরুরি অবস্থা। রাষ্ট্রপতি শাসন শুরু হয়েছে খাইবার পাখতুনখোয়ায়।
