গাজীপুরের কাশিমপুরে একটি পোশাক কারখানার কার্টন ও সুতার গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। পথে রয়েছে আরও ১টি ইউনিট।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার শৈলান এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গোডাউনে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার কারখানার গুদামে হঠাৎ আগুন লাগে। সেখানে মজুত থাকা বিভিন্ন দাহ্য পদার্থ ও কাঁচামালের কারণে মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয় এবং দ্রুত ছড়িয়ে পড়তে থাকে।
খবর পেয়ে কাশিমপুর ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় আশপাশের ফায়ার স্টেশন থেকে আরও কয়েকটি ইউনিট যোগ দেয়। বর্তমানে মোট আটটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়েছে, আগুন যাতে গুদাম থেকে কারখানার মূল উৎপাদনকেন্দ্র বা আশপাশের অন্য ভবনে ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য সতর্কতার সঙ্গে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা বাড়লে সারাবো ফায়ার সার্ভিস স্টেশনের আরও ৩টি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। সবশেষ আরও ৩টি ইউনিট যুক্ত হয়ে মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পথে রয়েছে আরও ১টি ইউনিট।
তিনি আরও বলেন, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। কারখানার ভেতরে প্রচুর খালি কার্টন থাকায় আগুনের ভয়াবহতা বেড়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
