যে শর্তে রজনীকান্তের ছবিতে অভিনয়ের ইচ্ছা পোষণ করেন মিঠুন
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:

রজনীকান্তের বহুল প্রতীক্ষিত ছবি ‘জেলার ২’-এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুরাগীরা। নেলসন দিলীপ কুমারের পরিচালনায় এই ছবিতে রজনীকান্তের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী।
দীর্ঘদিন পর এই ছবির হাত ধরেই তামিল সিনেমায় ফিরছেন মিঠুন। যদিও ছবিতে তার চরিত্র সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে মিঠুনকে নিয়ে এক অজানা তথ্য সামনে আনলেন রজনীকান্ত।
সম্প্রতি রজনীকান্ত জানান, ‘জেলার ২’-এ অভিনয়ের প্রস্তাব পাওয়ার পর একটি বিশেষ শর্ত রেখেছিলেন মিঠুন।
অভিনেতার দাবি, মিঠুন জানতে চেয়েছিলেন, ছবিতে তার চরিত্রটি কী ধরনের। তিনি কি খলনায়কের ভূমিকায় অভিনয় করবেন? আর সেই চরিত্রে অভিনয় করতে গিয়ে রজনীকান্তের হাতে তাকে মার খেতে হবে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন মিঠুন।
এই প্রসঙ্গে রজনীকান্ত জানান, মিঠুন তার খুব ভালো বন্ধু। ছবির প্রযোজনা সংস্থার তরফে যখন মিঠুনের সঙ্গে যোগাযোগ করা হয়, তখন তিনি নিজের চরিত্র সম্পর্কে জানতে চান। এমনকি তাকে যদি রজনীকান্তের হাতে মার খেতে হয়, তাহলে সেই ছবিতে অভিনয় করতে চান না বলেও জানিয়েছিলেন অভিনেতা।
রজনীকান্তের কথায়, পরবর্তীতে একটি অনুষ্ঠানে তাদের দেখা হয়। তখন মিঠুন জানান, রজনীকান্ত চাইলে তিনি ছবিটিতে অভিনয় করতে রাজি। তবে তার একটাই শর্ত, ছবিতে রজনীকান্ত যেন তাকে না মারেন এবং গুলি না করেন! উত্তরে রজনীকান্ত জানান, বিষয়টি নিয়ে তিনি পরিচালকের সঙ্গে কথা বলবেন। যদিও মিঠুন যে মজার ছলেই কথাগুলি বলেছিলেন, তা তিনি বুঝতে পেরেছিলেন বলেও জানান অভিনেতা।
২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘যাগাভারায়িনুম না কাক্কা’ ছবির মাধ্যমে তামিল সিনেমায় অভিষেক হয়েছিল মিঠুন চক্রবর্তীর। এরপর দীর্ঘ সময় তাকে আর কোন তামিল ছবিতে দেখা যায়নি। ‘জেলার ২’-এর হাত ধরে এবার তামিল ছবিতে ফিরছেন তিনি।
তবে রজনীকান্তের সঙ্গে এই প্রথম কাজ করছেন না মিঠুন। এর আগে রমেশ সিপ্পি পরিচালিত হিন্দি ছবি ‘ভ্রষ্টাচার’-এ একসঙ্গে কাজ করেছিলেন তারা। অন্যদিকে মিঠুনের বাংলা ছবি ‘ভাগ্য দেবতা’-তে বিশেষ ভূমিকায় দেখা গিয়েছিল রজনীকান্তকে। সেই ছবিতে মিঠুনের সঙ্গে অভিনয় করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্তও।
এই অ্যাকশন থ্রিলার ছবির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর। সিনেমাটোগ্রাফি সামলেছেন বিজয় কার্তিক কান্নান, সম্পাদনার দায়িত্বে রয়েছেন আর নির্মল এবং প্রোডাকশন ডিজাইন করেছেন ডিআরকে কিরণ। ছবির অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন চেতন ডি সুজা। শোনা যাচ্ছে, আগামী ১৫ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘জেলার ২’-এর।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…