জামালপুরের দেওয়ানগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) পুলিশের বিশেষ অভিযানে ৪ কেজি ৮৫০ গ্রাম ওজনের কষ্টিপাথরসদৃশ বস্তুসহ আটজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে চারজন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার এবং অপর চারজন টাঙ্গাইলের ধনবাড়ী ও গোপালপুর উপজেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া বাজার এলাকায় একটি ইলেকট্রিশিয়ানের দোকানের পেছনের কক্ষে অভিযান চালায় ডিবি-২ পুলিশের একটি দল। এ সময় সেখানে অবস্থানরত আটজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ৪ কেজি ৮৫০ গ্রাম ওজনের কষ্টিপাথরসদৃশ একটি বস্তু জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার চকপাড়া এলাকার মো. সাইদুল ইসলাম (৪১), তারাটিয়া বাজার এলাকার মো. ফরহাদ হোসেন (৩৫), মদ্দেরচর এলাকার বাবু মিয়া (৪২) ও পোড়াভিটা এলাকার ফেলু মিয়া (৩১)।
অপর চারজন হলেন টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বাগুয়া এলাকার আমজাদ হোসেন (৭০), গোপালপুর উপজেলার সুতীগোপালপুর এলাকার জোয়াহের (৫৩), ধনবাড়ী উপজেলার মুশুদ্দী দক্ষিণপাড়া এলাকার সবুজ মিয়া (৪৪) এবং কামরুজ্জামান ওরফে রিপন (৬০)।
পুলিশ জানায়, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা মোছা. ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় ডিবি-২ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। জব্দ করা বস্তুটি প্রকৃত কষ্টিপাথর কি না, তা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় আটক আটজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
The post দেওয়ানগঞ্জে কষ্টিপাথরসদৃশ বস্তুসহ আটক ৮ appeared first on ভোরের চেতনা.
