প্রতিনিধি, সুনামগঞ্জ · ২৩ অক্টোবর, ২০২৬ ৭:২০ অপরাহ্ন
‘আমার মৃত্যুর একমাত্র কারণ শুধু তুমি’ লিখে এক যুবকের সঙ্গে নিজের একাধিক ছবি পোস্ট করার কিছুক্ষণ পরই প্লাবন সরকার নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৩টার দিকে শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের মামুদনগর গ্রামে এ ঘটনা ঘটে। প্লাবন সরকার ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে প্লাবন নিজের ফেসবুক আইডিতে একই গ্রামের হাবিবুর রহমানের সঙ্গে বিভিন্ন স্থানে তোলা কয়েকটি যৌথ ছবি পোস্ট করেন। ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন, ‘আমার মৃত্যুর একমাত্র কারণ শুধু তুমি’। এর কিছুক্ষণ পরই তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, প্লাবনের মৃত্যুর খবর পেয়ে হাবিবুর রহমান ও মঈনুল ইসলাম তার বাড়িতে যান। তারা ঘরের পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং ঝুলন্ত অবস্থা থেকে প্লাবনের মরদেহ নামিয়ে খাটের ওপর রাখেন। পরে মামুদনগর বাজার থেকে পল্লী চিকিৎসক প্রদীপ দাসকে নিয়ে আসেন। চিকিৎসক প্লাবনকে মৃত বলে জানানোর পর ওই দুই ব্যক্তি তার ব্যবহৃত মুঠোফোন নিয়ে চলে যান বলে অভিযোগ রয়েছে।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল আহমেদ বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনার পেছনে কী রহস্য রয়েছে, এটি আত্মহত্যা, আত্মহত্যায় প্ররোচনা নাকি হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
গুগলে আমাদের খবর পেতে
