গোপালগঞ্জের মুকসুদপুরে মাছবাহী পিকআপের চাপায় অটোভ্যানে থাকা বাবা ও তাঁর ছয় বছর বয়সী মেয়ের মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার গ্যাড়াখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম রঞ্জু (৪৫) ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পবনবেগ গ্রামের হেমায়েত মোল্লার ছেলে। তাঁর মেয়ের নাম সামিরা আক্তার।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাবা-মেয়ে একটি অটোভ্যানে করে ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াখোলা এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা গোপালগঞ্জগামী একটি মাছবাহী পিকআপ (খুলনা মেট্রো-১১-২৫৬৫) অটোভ্যানটিকে সজোরে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে অটোভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং বাবা ও মেয়ের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পিকআপটি চাপা দিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় পুলিশ আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে। প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
এমএস/
