প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ · ১৬ অক্টোবর, ২০২৬ ৭:৪৫ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমদ। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি জগন্নাথপুর পৌর শহরের কেন্দ্রীয় জগন্নাথ জিউর মন্দির, বাসুদেব বাড়ি আনন্দময়ী পূজামণ্ডপ এবং বাসুদেব পাড়ায় দাস সম্প্রদায়ের পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে কেন্দ্রীয় জগন্নাথ জিউর মন্দিরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মন্দির উন্নয়ন কমিটির সভাপতি বিভাসের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন শশীকান্ত গোপ।
সভায় বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর হোসেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক ও পৌরসভার প্রকৌশলী সতীশ গোস্বামী, যুক্তরাজ্য বিএনপির সদস্য মির্জা লিকছন, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য এমএ মতিন, জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিটু, যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজন দেব।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য ও সাংবাদিক গোবিন্দ দেব, পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক সুবল দেবসহ বিভিন্ন পূজা কমিটির সদস্যরা।
সভায় সংসদ সদস্য কয়ছর আহমদ বলেন, সবাই যেন শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। এবার পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালনের কথাও জানান তিনি। রাতে যাতে কোনো দুষ্কৃতিকারী বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা নজরদারি করছেন।
তিনি আরও বলেন, পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গুগলে আমাদের খবর পেতে
