নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ বিভিন্ন অভিযোগ ও মামলায় মোট ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল সোমবার (১২ অক্টোবর) সোনারগাঁ থানা পুলিশের পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে মাদকসেবী ২২ জন, মাদক মামলায় একজন, বৈষম্যবিরোধী আইনে একজন, ওয়ারেন্টভুক্ত ছয়জন, ডাকাতির অভিযোগে দুজন, দস্যুতার মামলায় দুজন এবং শিশু বলৎকারের অভিযোগে দায়ের করা নিয়মিত মামলায় একজন রয়েছেন। অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দাদের পাশাপাশি অন্যান্য জেলার কয়েকজনও রয়েছেন। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অভিযোগ ও মামলার ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম জানান, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
The post সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৫ appeared first on Dhaka Protidin.
