ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেছেন। সৌদি আরবের ওপর কয়েক সপ্তাহ ধরে হুতিদের হামলার প্রেক্ষাপটে উপসাগরীয় দেশগুলো সফরের শেষ পর্যায়ে আকস্মিকভাবে রিয়াদ সফরের সিদ্ধান্ত নেন তিনি। ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এই তথ্য জানিয়েছে। এ মাসে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিরা সৌদি আরবে হামলা জোরদার করার পর দেশটিতে সফর করা প্রথম পশ্চিমা রাষ্ট্রপ্রধান ম্যাক্রোন। কাতার থেকে ম্যাক্রোনের রিয়াদে পৌঁছানোর মধ্যদিয়ে তার আঞ্চলিক উপসাগরীয় সফর শেষ হচ্ছে। এই সফরে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনও সফর করেন তিনি। এসব সফরের লক্ষ্য ছিল কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক আরও গভীর করা। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। ম্যাক্রোন জানিয়েছেন, উপসাগরীয় অংশীদারদের কাছ থেকে অতিরিক্ত জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি পেয়েছেন তিনি।
ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, রিয়াদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন ম্যাক্রোন। প্রেসিডেন্টের কার্যালয় আরও জানায়, এ সফরের উদ্দেশ্য হলো, সৌদি ভূখণ্ডে হুতিদের চালানো হামলার মুখে রাজ্যটির প্রতি ফ্রান্সের সংহতি প্রকাশ করা এবং জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিশ্চিত ও উৎস বহুমুখী করার প্রচেষ্টা অব্যাহত রাখা।
