ঝালকাঠির নলছিটি উপজেলায় সুগন্ধা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযানে গিয়ে স্পিডবোট নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুন্ডুসহ আটজন গুরুতর আহত হয়েছেন।
বিজ্ঞাপন
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নলছিটির সুগন্ধা নদীতে অভিযান শুরু করে প্রশাসন। দীর্ঘক্ষণ অভিযান পরিচালনার একপর্যায়ে রাত আনুমানিক ৮টার দিকে স্পিডবোটটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নদীর তীরে থাকা একটি ইটভাটায় উঠে যায়। তীব্র গতির কারণে স্পিডবোটটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর ভেতরে থাকা সবাই গুরুতর আহত হন।
আহতরা হলেন— নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুন্ডু, রেড ক্রিসেন্টের দুই জন সদস্য, ভলান্টিয়ার অ্যাসোসিয়েশনের দুই জন সদস্য এবং দুই জন আনসার সদস্যসহ মোট আটজন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও প্রশাসনের অন্যান্য সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। তাদের তাৎক্ষণিকভাবে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের কয়েকজন গুরুতর আহত হওয়ায় তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান এবং আহতদের চিকিৎসার খোঁজখবর নেন। মা ইলিশ রক্ষায় সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে এই আকস্মিক দুর্ঘটনা ঘটে।
এমই
